খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশকে জাহান্নামে পরিণত করেছে’: আব্দুস সালাম

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশকে জাহান্নামে পরিণত করেছে’: আব্দুস সালাম

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশকে জাহান্নামে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের পরিবর্তে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে এবং দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, যুদ্ধ-পরবর্তী সময়ে মানুষের প্রত্যাশা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া। কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সেই পথে না হেঁটে গণতন্ত্র হত্যা করেছে এবং মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি দুর্ভিক্ষের কারণে মানুষ না খেয়ে মারা গেছে। ঢাকার রাজপথে বেওয়ারিশ লাশ পড়ে থাকতে দেখা গেছে, যাদের দাফন করার মতো কেউ ছিল না। সে সময় বেওয়ারিশ লাশ দাফনের মাধ্যমে অঞ্জুমানে মফিদুল ইসলাম পরিচিতি লাভ করে।

তিনি বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও দুঃসময়ে বিএনপি মানুষের পাশে ছিল। এ কারণে দেশের মানুষও দলটির পাশে দাঁড়িয়েছে। মানুষ বিশ্বাস করে, একমাত্র বিএনপিই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করতে পারে।

গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, ‘গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংকে টাকা নেই’—এমন স্লোগান একসময় বিএনপিও দিয়েছে। কিন্তু তারেক রহমানের হাতে কি আলাদিনের চেরাগ আছে যে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে? এসব সমস্যার সমাধানে সময় প্রয়োজন।

তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার কর্মসূচি দিয়ে ফ্যাসিবাদকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করা হচ্ছে।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের মানুষ কোনো আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দল কিংবা সন্ত্রাসের পক্ষে অবস্থান নেয়নি। বিএনপির ওপর দীর্ঘ ১৭ বছর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যার ঘটনা ঘটলেও দলটি কখনো আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। জনগণের পাশে থেকে আন্দোলন করেছে এবং জনমত গড়ে তুলেছে। শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে।

বিরোধী দলের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। পরবর্তী নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে দেশে নতুন গ্যাসকূপ খনন এবং সমুদ্র থেকে গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে। তবে ধৈর্য ধরলে দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার এবং ঘরে ঘরে ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন।

ঢাকা মহানগর দক্ষিণ মৎস্যজীবী দলের আহ্বায়ক এইচ এম শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, জাতীয় মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির প্রমুখ।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম